জিজ্ঞাসু :– আচ্ছা, বনগ্রামে বা অন্যান্য স্থানে আশ্রম প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনার কি মা জগদম্বার কাছে কোনো সংকল্প ছিল ?

গুরুমহারাজ :— ‘কোনো কাজ আমি করবো’– এই ধরণের আত্মাভিমান আমার কখনোই ছিল না। তবু বলার জন্য অনেক কথাই বলতে হয়, নিজের কথাও বলতে হয়। আমার অনাথ আশ্রমের সংকল্প ছিল_ এমন কথা হয়তো আমার মুখে তোমরা শুনেছো কিন্তু প্রকৃতপক্ষে আমার কি সংকল্প ছিল জানোতো ? ✓রী মা জগদম্বার নির্দেশে বনগ্রাম আশ্রমের যখন সূচনা হয় তখন থেকেই আমি জানতাম যে, আশ্রমের কাজ শুরু করলেই এই কাজের সহযোগী অনেক ছেলেরা আসবে। তাই আমি সংকল্প করেছিলাম আমার কর্মে যারা বিরোধিতা করবে বা বাধা দেবে তাদের যেন আমার দিক থেকে কোনো ক্ষতি না হয়। সংকল্পের কথা যদি বলতে চাও, তাহলে কাজের শুরুতেই এই ছিল আমার ‘সংকল্প’।

আমার এবারের শরীর ধারণ __সকলকে ভালোবাসার জন্য ! ভালোবাসা আমার স্বভাব, আমৃত্যু আমি মানুষকে ভালোবেসে যাবো ! কে আমাকে আঘাত দিলো, কে আমার কথা মানলো না _ আমি ওসব দেখি না । আমি আমার স্বভাব অনুযায়ীই চলি–আমার জীবনধারা থেকে তোমরা আমার কথার সত্যতা মিলিয়ে নিতে পারো ।

তবে ✓রী মায়ের জগতে মহাপ্রকৃতির কতকগুলি অমোঘ নিয়ম আছে,আর সেগুলি কার্যকরী হবেই। আমি দেখেছি আমার দ্বারা কারও কোনো ক্ষতি না হোলেও মহাজাগতিক নিয়মে আশ্রমের কাজের বিরোধিতা করলে ✓রী মা তাকে শাস্তি দেন। তাছাড়া আর একটা কথা আছে, সন্তান যদি চিমটি কাটে বা খোঁচা মারে এগুলো অনেক সময় বাবা-মা সহ্য করে নেন, কিন্তু সন্তান যদি বাবার বুকে দড়াম করে একটা ঘুষি মারে অথবা লাথি মারে–তখন বাবা কি সহ্য করবে? আর মা সন্তানের অনেক আবদার, অত্যাচার, অনাচার সহ্য করে– মেনে নেয়! মায়ের বদ্ ছেলেটাকে মা বরং বেশী করে আগলে রাখতে চায়। বাড়ীর অন্য Member-দের বলে, ‘জানো তো ও একটু ঐরকমই, ওর কথা ধরো না!’ বড় মাছের piece-টাই বদ ছেলেটাকে দেয়, অন্যদের বলে “জানিস তো ও ঐরকম, ও বড়টা খাক্, তোরা ঝগড়া করিস না !” কিন্তু সেই সন্তান যদি কোনোদিন মায়ের সামনে বাবাকে ঐ ধরণের অত্যাচার করে বা বিশ্রীভাবে অপমান করে_ তখন কিন্তু মায়ের আর স্নেহময়ী মূর্তি থাকে না! মা তখন ভৈরবী মূর্তিতে সন্তানকে লাথি মেরে নিচে ফেলে ঐ সন্তানের বুকে পা দিয়ে বলে, “তোর এতো আস্পর্ধা! আমার সামনে তুই নিজের পিতাকে অপমান করিস, তোর জিভ আমি টেনে ছিঁড়ে নেবো ! বেরো ! দূর হয়ে যা তুই আমার সামনে থেকে !”এখানেও ব্যাপারটা খানিকটা সে রকমই হয় অর্থাৎ যে কোনো মহাপুরুষের সাথে খারাপ ব্যবহার করলে ✓রী মা তাকে রেয়াত করেন না।।