জিজ্ঞাসু : আচ্ছা আপনার বিভিন্ন ফটো দেখেছি কিন্তু কোন ফটোই অন্য ফটোর সাথে মেলে না—এটা কেন হয় ?

গুরুমহারাজ : তোমাদেরটা মেলে বুঝি ? দ্যাখো, আমি তোমাদের মতো কৃত্রিম হতে পারি না। আমি যখন যা তখন ১০০ ভাগ তাই, ফলে আমার যখন যে ভাব থাকে তখন সেই ভাব-শরীরের ছায়াচিত্র তোমরা দ্যাখো, ফলে এক-একটা এক-একরকম মনে হয়।

“বৈদিক ভারত” বলে একটা বই আছে – লেখক শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী। তিনি বিভিন্ন সাধু-মহাত্মাদের কাছে শুনে সদগুরুর লক্ষণসমূহ নির্দেশ করেছেন, তার মধ্যে একটি রয়েছে যে, সদগুরুর একটি ফটো অপরটির সাথে মেলে না।