*জিজ্ঞাসু*(কোলকাতার সম্বিতের মা) : ~ বাবা, তুমি কতো কথা বলো আমাদের অজ্ঞানতা দূর করার জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য ! তবু আমরা আবার তোমাকে জিজ্ঞাসা করি, তোমাকে বিরক্ত করি–আরো কত কিছু জানতে চাই ! আসলে আমরা তো অজ্ঞান, তাই এইরকম করি ?
*গুরু মহারাজ* : ~ একথা বোলো না মা – জননী ! কে বলেছে তুমি অজ্ঞান ? এখানে যারা এসেছে, তারা সবাই আলোর সন্ধান পেয়েছে । (উপস্থিত সকলকে উদ্দেশ্য করে)বলো – তোমরা কে অজ্ঞানের অন্ধকারে আছো ! আর তাই যদি থাকো, তাহলে আমি এতদিন কি করলাম ? তুমি নিশ্চয়ই আমার সাথে রহস্য করছো জননী – তাই এই কথা বলছো !
তোমরা যারা দীর্ঘদিন আমার সঙ্গ করছো, তারা ‘জীবনের উদ্দেশ্য কি’–একথাটা কি বোঝোনি ? বুঝেছো তো ! হয়তো যতটা তেরে-ফুঁড়ে লেগে লক্ষ্যপূরণের জন্য ব্রতী হওয়া উচিত ছিল – ততটা করতে পারোনি । কিন্তু এটা জানবে যে, সমাজে আর পাঁচজন মানুষের চাইতে তোমরা উন্নত চেতনাবিশিষ্ট ৷ তোমাদের চেতনা যদি উন্নত না হোতো, তাহলে আমি তোমাদের সাথে বেশিক্ষণ কথা বলতেই পারতাম না – হয়তো চুপচাপ বসে থাকতাম, নাহলে স্থানত্যাগ করতাম ! আর বিশেষত: তুমি জননী – কতদিন আগে থেকে তোমার সাথে আমার যোগাযোগ বলো ? তখন আমি Contructor-এর Under-এ Rural Electrification-এর কাজ করি, সেই অবস্থায় সম্বিত, দেবেন্দ্রের সাথে আমার যোগাযোগ হয়েছিলো ৷ তারও অনেক পর দশ নম্বর বালিগঞ্জ সার্কুলার রোডে তোমাদের বাড়িতে গেলাম । মনে পড়ে সেই সব দিন – যেন মনে হোচ্ছে এই তো সেদিনের ঘটনা ! তবু এর মধ্যে বেশ কয়েক বছর কেটে গিয়েছে বলো !
এখন তোমার এই শরীরের বয়স কত হবে_ জননী ? ও:, প্রায় ৮০ বছর হোতে চললো – দ্যাখো, এই বয়সেও এই যে তুমি এখানে, এই বনগ্রাম আশ্রমে এসেছো, আমার সাথে দেখা করতে – সেটা অন্তরের টানেই তো ! একেই প্রকৃত প্রেম বা ভালোবাসা বলে ! এখানে চাওয়া-পাওয়ার সম্পর্ক নাই – অহেতুক ! তুমি ভালোবাসো আমাকে – তাই এসেছো ৷ আমিও সুযোগ পেলে তোমার সাথে দেখা করি ! বলো মা–করিনা কি ?
তবে মনে কোনো আক্ষেপ রেখো না জননী ! তুমি সুসন্তানের জননী ! তাছাড়া আমিও তো তোমার এক ছেলে ! ভবিষ্যত নিয়ে তুমি কোনো চিন্তা করবে না __বুঝেছো মা ! এ্যাঁ, কি বললে, মৃত্যুর জন্য চিন্তা হয় –আর সম্বিতের জন্য ? – ওসব কোনো চিন্তাই তোমাকে করতে হবে না ! আমি তোমাকে কথা দিচ্ছি__ তোমার মৃত্যুকালে ইষ্টদর্শন হবে – আর সম্বিত‌ও ঠিকই থাকবে ! ঈশ্বরের উপর ওর ভার দিয়ে দাও ! তাঁর উপর সব ভার দিয়ে তুমি নিজে মুক্ত হয়ে যাও দেখি জননী — মুক্ত হয়ে যাও !!