জিজ্ঞাসু :~ রাজনীতি কি ‘রাজার নীতি’ অথবা ‘নীতির রাজা’ ?
গুরুমহারাজ :~ বর্তমানের যে রাজনীতি_ তা ‘রাজার নীতি’ও নয়, ‘নীতির রাজা’ও নয়। এটিকে রাষ্ট্রবিষয়ক নীতি বা রাষ্ট্রনীতি বলা যায়, ইংরেজিতে বলা হয় politics – আর এগুলো political science-এর অংশবিশেষ। কেউ কেউ একে সমাজনীতিও বলেছে।
সাধারনতঃ এক এক দেশে বা সমাজে এক এক রকম রাষ্ট্রনীতি বা সমাজনীতি চলে। আবার কোনো সমাজে একাধিক নীতির রমরমা ! কোন্ সমাজ কোন্ নিয়মে চললে__ সমাজের সকল স্তরের মানুষ সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার মঙ্গল হবে –সেই সমাজের ‘রাষ্ট্রনীতি’ এমনটাই হওয়া প্রয়োজন। কিন্তু প্রায় সবক্ষেত্রেই তা হয় না ! রাজতন্ত্রের যুগে দেশের রাজারা, তার মন্ত্রীপরিষদের নিয়ে আলোচনা করে স্থির করতেন__ কি করলে অথবা কি কি করলে দেশের মঙ্গল হবে, দশের অর্থাৎ জনগণের মঙ্গল হবে — সেগুলিই ছিল সেই দেশের রাষ্ট্রনীতি, সেই রাজ্যের রাজনীতি, সেই সমাজের সমাজনীতি। কিন্তু এটা জেনে রাখবে যে, কোনো বিশেষ পন্ডিত ব্যক্তির বা দার্শনিকের বই-এ যা লেখা আছে ঠিক ঠিক তাই সব দেশে প্রয়োগ করতে হবে বা তা করলেই পৃথিবীর সব দেশের সমস্ত মানুষের ভালো হবে – তা কখনোই হবে না।
তাই বাম রাজনীতি, ডান রাজনীতি বা রাম-রাজনীতি_সার্বজনীন হবে__ এমন কোনো কথা হয় না। যে কোনো দেশে অথবা যে কোনো সমাজে__ সেখানকার মানুষের কল্যাণকর কিছু আইন-কানুন, নিয়ম চালু করার পর, যদি সেই দেশ বা সমাজের জনগণ সেগুলি মেনে উপকৃত হ’ন – সেগুলিই সেই সমাজের বা সেই দেশের প্রকৃত রাষ্ট্রনীতি।
আর এটা তো সত্যি যে, দেশের শাসকশ্রেণী যে যে নিয়ম follow কোরে, যে যে আইন প্রণয়ন কোরে__ সেই দেশের মানুষের মঙ্গল করতে পারেন – সেটাই সেই দেশের রাষ্ট্রনীতি হ‌ওয়া উচিত–তাই নয় কি!!
দেশ-কাল-পাত্র ভেদে সমস্ত কিছুই পৃথক পৃথক হয়, কিন্তু উদ্দেশ্য বা লক্ষ্য সবসময়েই এক থাকে। রাজনীতি বা রাষ্ট্রনীতির উদ্দেশ্য সেই দেশের আপামর জনগণের মঙ্গল সাধন ! যে নীতি গ্রহণ করে তা করা হবে সেটাই সেই দেশের ক্ষেত্রে ‘নীতির রাজা’!
দ্যাখো, যে কোনো দেশে ঐ ধরণের রাষ্ট্রনীতির‌ই প্রয়োজন, তথাকথিত দুর্নীতিপূর্ণ রাজনীতির প্রয়োজন নাই_ কি প্রয়োজন বলো তো ? সব দেশেই প্রয়োজন তো শুধুমাত্র ভালো মানুষের _যাঁরা ভালো ভালো নীতির প্রণয়ন করেন !
সমাজের ভালো করতে হোলে_ তা কখনোই Bottom to Top করা সম্ভব নয়, Top to Bottom করতে হয় I যদি উঁচুর দিকের লোকগুলি অর্থাৎ সমাজনেতা, রাষ্ট্রনেতারা উন্নত চেতনাসম্পন্ন মানুষ হয় – তাহলেই নীচুতলার মানুষসহ সবকিছু ঠিক হয়ে যাবে। সেইক্ষেত্রে সমাজের ঐসব উন্নত মানুষেরা যে নীতি গ্রহণ করবেন, তাই রাষ্ট্রের পক্ষে হিতকর হবে। সেই দেশের ক্ষেত্রে সেই নীতিই হবে শ্রেষ্ঠ রাষ্ট্রনীতি!!
[~ আজকে এই এপিসোডের পর “কথা প্রসঙ্গে–(ষষ্ঠ খণ্ড)” সমাপ্ত হোলো।~
সপ্তম খন্ড শুরু হবে মহালয়ার দিন থেকে !]