(আগের সংখ্যায় আমরা গুরুজীর কাছ থেকে একটা নতুন ধরনের আলোচনা শুনছিলাম। উনি একজন তরুণ ভক্ত কে মজা করে ‘God business’ – শেখাচ্ছিলেন! এক মাদুলিবাবা যাদের পুত্রসন্তান হোত না _তাদের গ্যারান্টি দিতেন, যে তারা ওনার মাদুলী পড়লে পুত্রসন্তান হবেই! মাদুলিবাবা সবার অলক্ষে একটা কাগজের টুকরো ওই মাদুলীতে পুরে সিল্ করে দিতেন। লেখা টা কি থাকতো??)
…….ওই কাগজের টুকরো গুলিতে আগে থেকেই লিখে রাখতে হবে – “কন্যা রত্ন” ! আর ওই “কন্যা রত্ন” লেখা কাগজের টুকরো সব দম্পতির মাদুলিতেই ভরে দিতে হবে । এইটাই হলো পয়লা নম্বর God Business-এর চাবিকাঠি !
এতে কি হবে – সেটা এবার আলোচনা করা যাক ৷ ওই দম্পতিগুলির মধ্যে ধরা যাক 50% -এর পুত্র সন্তান হল – যাদের এটা হল তাদের সবাই যে ওই মাদুলি বাবার কাছে ফিরে আসবে এমন নয়! কিন্তু অনেকেই ফিরে আসবে এবং তারা নানা রকম গিফট, টাকা-পয়সা দিয়ে নির্লোভ (!) বাবাকে ভরিয়ে দেবে এবং প্রচার তুঙ্গে তুলে দেবে! কিন্তু বাকি যাদের পুত্রসন্তান হলো না অর্থাৎ কন্যাসন্তান হলো , তাদেরও বেশিরভাগ ফিরে আসবে না ভাববে “যতসব fraud মাদুলি বাবা! – যাকগে টাকাপয়সা তো নেয় নি !”
কিন্তু দু-চারজন অতি অবশ্যই লোকজন নিয়ে মাদুলি বাবার কাছে আসবে ঝামেলা পাকাতে ! আর এরাই তোকে (মাদুলি বাবার) প্রচারের আলোয় নিয়ে আসবে সবচাইতে বেশি ! কিভাবে ? সেটাই দেখা যাক !
ধর্_ কোন দম্পতির পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান জন্মেছে (এটা হওয়াটাই স্বাভাবিক) ৷ আর তারা এবং তাদের বাড়ির লোকজন-পড়শিরা হইচই করতে করতে চলে আসবে তোর (মাদুলি বাবার) কাছে ঝামেলা পাকাতে! হইচই , গালাগালি , চিৎকার-চেঁচামেচি শুনে বহু মানুষ আমোদ দেখার জন্য তোর ডেরার সামনে এসে ভিড় জমাবে! তোর চেলারা কোনোক্রমে জনতার উত্তেজনা প্রশমন করার চেষ্টা করতে থাকবে – এমন সময় লাল বস্ত্র , কপালে বড় সিঁদুরের ফোঁটা, রুদ্রাক্ষের বড় বড় মালা গলায় , হাতে বড় সিঁদুর মাখা ত্রিশূল হাতে তোকে ঘর খুলে বেরিয়ে আসতে হবে ৷ বরাভয় মুদ্রা দেখিয়ে সকলকে শান্ত করে জানতে চাইবি – সমস্যাটা কি ? লোকেরা তো তোকে fraud , মিথ্যাবাদী , বাটপার , চোর ইত্যাদি নানা কিছু বলবে । তুই সব কিছু হজম করবি – তারপর শান্ত কণ্ঠে ওই দম্পতিকে উদ্দেশ্য করে বলবি – ” ও এই ব্যাপার ! তা মা ! তুমি তোমার হাতের মাদুলিটি কি এনেছ ?” কেউ কেউ হয়তো কন্যার জন্ম হয়েছে দেখেই মাদলি খুলে ফেলে দিয়েছে , অনেকে ফেলেনি – রেখে দিয়েছে !
যাই হোক যারা মাদুলি এনেছে ,তাদেরকে বলতে হবে – ” মা ! তোমার মাদুলিটি খুলে দেখ তো – সেখানে মা জগদম্বার কোন নির্দেশ রয়েছে কিনা ?”
ওখানে উপস্থিত লোকজন তাড়াতাড়ি ভদ্রমহিলার মাদুলির seal খুলে দেখবে যে – তার মধ্যে একটি ভাঁজ করা কাগজ রয়েছে , আর তাতে লেখা রয়েছে “কন্যা রত্ন” । ব্যস ! আর চাই কি ? যে জনগণ তোকে মারতে এসেছিল, তোর কুঠিয়া জ্বালাতে এসেছিল – তারাই তোর নামে জয়ধ্বনি দিতে থাকবে! আর এইরকম ‘একটা’ – ঘটনা ঘটলেই তোর ব্যবসা জমে ক্ষীর হয়ে যাবে! এবার তোকে আর টাকা পয়সা চাইতে হবে না দু চার বছরের মধ্যেই তোর অনেক টাকা হয়ে যাবে!
তবে সাবধান – একই স্থানে বেশি দিন থাকলে চলবে না , তাতে পর্দা ফাঁস হয়ে যাবার সম্ভাবনা রয়েছে ! তাই ছ মাস থেকে এক বছরের মধ্যেই ডেরা-ডান্ডা গুটিয়ে আবার অন্য স্থানে , অন্য রূপে , অন্যরকম God Business ! একই রকম করতে গেলেই জানাজানি হয়ে যাবে এবং তুই ধরা পড়ে যাবি! ফলে ঘনঘন বেশ বদল, ভোল বদল, স্থান বদল এবং সেখানে আবার সম্পূর্ন নতুন ধরনের God Business ! [ক্রমশঃ]