গুরু মহারাজ স্বামী পরমানন্দ বারবার একটা কথা জোর দিয়ে বলতেন – ” ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না । কিছুটা হারিয়েই কিছু পেতে হয় । তুই তোর জীবন দিয়েই দ্যাখ্ না – তোর শৈশবকে হারিয়ে তুই কৈশোর পেয়েছিলি, কৌশোর হারিয়ে যৌবন, আবার যৌবন হারিয়ে প্রৗেঢ়ত্ব বা বার্ধক্যের দিকে যাবি ! ছোটবেলায় যারা তোর খেলার সাথী ছিল – তারা কোথায় হারিয়ে গেছে – স্কুল লাইফে তোর আলাদা বন্ধুরা এসেছিল, কলেজে গিয়ে দেখলি স্কুলের বন্ধুরা নাই – আবার নতুন বন্ধু পেয়েছিলি, এখন কর্মক্ষেত্রে এসে দেখছিস ওরা কোথায় হারিয়ে গেছে – এখন তোর ফ্রেন্ডসার্কেল আলাদা ! এইভাবেই শিশু অবস্থায় তুই পিতামাতার কাছ থেকে যতটা আদর-যত্ন-স্নেহ-মমতা দাবী করতিস – একটু বড় হয়ে অতটা করিস নি – কারণ তখন তোর সামনে জগৎটা অনেকটা উন্মুক্ত হয়ে গেছিল – ক্ষুদ্রগন্ডী থেকে বাইরে বেরোবার ঝোঁক তৈরি হচ্ছিল, যৌবনের বন্ধু-বান্ধবের সঙ্গে মেলামেশার সময় তোর মনে হতো – এরাই বুঝি তোর একান্ত আপনার, এদের ছাড়া বোধহয় তোর জীবনটাই বৃথা ! কিন্তু যেই তুই বিবাহ করলি – অমনি দেখলি পিতা-মাতার স্নেহ-মমতা, বন্ধুদের সান্নিধ্য অপেক্ষাও তোর জীবনে তোর স্ত্রীর কোমল স্পর্শ যেন সবার চেয়ে আলাদা!সে যেন সবার কাছ থেকে তোকে বিচ্ছিন্ন করে নিতে শুরু করলো । তুই রোজগার করে বাবা-মাকে শাড়ি-কাপড়, হাত খরচের টাকা, ওষুধ কেনার টাকা নিশ্চয়ই দিয়েছিস – বন্ধুদের পিছনেও অনেক টাকাই ব্যয় করেছিস – কিন্তু বিবাহের পর তুই দেখবি রোজগারের সর্বস্বটা তোর স্ত্রী-পুত্র-কন্যার জন্যই ব্যয় করার মানসিকতা তৈরি হবে ।
যে কথাগুলো বললাম সেটা যে ১০০% ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য –তা নিশ্চয়ই নয়, তবে অধিকাংশ যুবক-ই এই দলে পড়ে যাবে ।”
এই দেখেছেন_ আমরা কোন কথায় কোন দিকে চলে এলাম ! আসলে গুরুমহারাজের বলা যে কোন কথা একবার শুরু হয়ে গেলে মনে হয় – ” সকলে মিলে সেগুলি ভাগ করে নিই !” যাইহোক, কথা হচ্ছিল যে প্রতিটি সৃষ্টির মাঝেই লুকিয়ে থাকে কিছু হারানোর, অথবা অনেক কিছু ধ্বংসের ক্রিয়া ! আদিম মানবসমাজ থেকে আজকের (২০২০ সালের) অবস্থায় আসতে মানবসমাজকে কত ভাঙ্গা-গড়ার মধ্যে দিয়ে আসতে হয়েছে তার কি ঠিক আছে ? এসবের কোনো ইতিহাসও নাই – এমনকি এর সবটা মানুষ বুদ্ধি দিয়ে, চিন্তা-ভাবনা দিয়ে কোনদিনই জানতেও পারবে না !
আজকেও আমাদের পৃথিবী যেন একটা ক্রান্তিকালে এসে পৌঁছেছে ! আবার আমরা অর্থাৎ আমাদের সমগ্র মানবসমাজ একটা উন্নততর অবস্থা স্পর্শ করার দিকে যাচ্ছি । কিন্তু ওই যে নতুন কিছু পেতে গেলে কিছু হারিয়ে বা কিছু ধ্বংসের মধ্যে দিয়ে তা পেতে হয় ৷ তাই এখন আমরা দেখছি প্রকৃতির নানারকম ধ্বংসলীলা ! অনেক পুরনো প্রচলিত ধ্যান-ধারণাকে হারিয়ে – অনেক আচার-অনুষ্ঠানের বিচারধারাকে বদলে – অনেক সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুশাসনকে অতিক্রম করে – নতুনকে গ্রহণ করতে হবে । এখন যেন চলছে তারই প্রস্তুতি ! … [ক্রমশঃ]